দেশের সিভিল প্রশাসনে বড় পরিসরে পদোন্নতি দেওয়া হয়েছে। বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২৬৪ জন সহকারী সচিবকে উন্নীত করে সিনিয়র সহকারী সচিব করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর ৫(বি) ধারার আওতায় এই পদোন্নতি কার্যকর করা হয়েছে। পদোন্নতির ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। এই গ্রেডে বেতনের পরিমাণ ৩৫,৫০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬৭,০১০ টাকা পর্যন্ত নির্ধারিত।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর নির্ধারিত ই-মেইলে যোগদানের তথ্য পাঠাতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মকর্তারা তাঁদের বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন। তবে প্রশাসনিকভাবে তাঁদের ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (সিনিয়র সহকারী সচিব)’ হিসেবে গণ্য করা হবে।

