প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকে শুরু করে উচ্চমাধ্যমিক পর্যন্ত জাতীয় শিক্ষাক্রমে সাতটি খেলাধুলা অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
এর মধ্যে ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে বা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস এবং সাঁতার রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আজ বুধবার (২৫ মার্চ) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডকে (এনসিটিবি) এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, সারাদেশে শহর ও গ্রাম পর্যায়ে খেলার মাঠ নির্ধারণ ও খেলাধুলা সম্প্রসারণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে গঠিত একটি কমিটির সভা গত ১৪ মার্চ অনুষ্ঠিত হয়। সভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সভাপতিত্ব করেন।
সেই সভার সুপারিশের ভিত্তিতে প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য উল্লেখিত সাতটি ক্রীড়া শিক্ষাক্রমে যুক্ত করার সিদ্ধান্ত আসে। এতে আরও বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রমে এসব খেলাধুলা অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় প্রস্তুতি ও বাস্তবায়ন কার্যক্রম দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

