দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। নির্ধারিত সময় হিসেবে আগামী ৬০ কর্মদিবসের মধ্যে এ সুবিধা চালু করতে বলা হয়েছে।
আজ বুধবার (২৫ মার্চ) ইউজিসির সভাকক্ষে চেয়ারম্যান ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে জানানো হয়, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা বাড়ানো এবং শিক্ষার্থীদের গবেষণা ও পড়াশোনায় সহায়তা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়গুলোর লাইব্রেরি, কমনরুম এবং ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াই-ফাই চালু করা হবে। এ কাজে প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তা দেবে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন)। পরে ধাপে ধাপে আবাসিক হলসহ অন্যান্য একাডেমিক স্থাপনাতেও এই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। সভায় ইউজিসির বিভিন্ন সদস্য, সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক এবং বিডিরেনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

