এম এস রহমান, পাবনা প্রতিবেদক—
দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর পরিচালক হিসেবে কর্মরত আবুল হাসনাত নামের এক পুলিশ কর্মকর্তা ও তার সহযোগীদের বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। তার প্রতিবাদে ভুক্তভোগী এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।
বুধবার (২৫ মার্চ) দুপুরে পাবনার সাঁথিয়া উপজেলার নাগ ডেমরা ইউনিয়নের ছোট পাথাইলহাট এলাকায় এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকায় কয়েকশ’ নারী-পুরুষ বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।
অভিযুক্ত আবুল হাসনাত ছোট পাথাইলহাট এলাকার অ্যাডভোকেট শামসুল হক নান্নুর ছেলে। বর্তমানে তিনি দুর্নীতি দমন কমিশন-দুদকের পরিচালক হিসেবে (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) কর্মরত আছেন।
মানববন্ধনে এলাকাবাসী অভিযোগ করেন, আবুল হাসনাত একজন ভূয়া মুক্তিযোদ্ধার ছেলে। তিনি একজন পুলিশ কর্মকর্তা হওয়ার কারণে এলাকার আধিপত্য বিস্তার, জমি দখল, চাঁদাবাজি, অত্যাচার-নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ট হয়েছে।
গত ১৭ বছরে এলাকায় ভয়ের কারণে বিএনপি-জামায়াতের লোকজন ঘরছাড়া ছিল। এলাকাবাসীর অভিযোগ, তাদের কোনো নির্যাতন বা অত্যাচার নেই যা তারা করেনি।
বাড়ির পাশে একটি মাঠের সম্পূর্ণ জমি দখল করে মাছ চাষ করা হচ্ছে। কেউ মাছ ধরতে গেলে অস্ত্র নিয়ে হামলা চালায় আবুল হাসনাতের ভাই সোহাগ ও তার সহযোগীরা। অনেক মানুষের জমি জোর করে দখল করা হয়েছে। ভুক্তভোগী এলাকাবাসী দাবি করেছেন, আবুল হাসনাতের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হোক এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা হোক।
এ বিষয়ে অভিযুক্ত দুদক কর্মকর্তা আবুল হাসনাত বলেন, “আমার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কেন হয়েছে, তা আমি জানি না। কিছুদিন আগে জমি নিয়ে মারামারি হয়েছে, সম্ভবত তার জন্য এটি হয়েছে। জমির বিষয়ে মামলা-মোকদ্দমা রয়েছে।
কাগজপত্র অনুযায়ী যাদের কাগজপত্র ঠিক আছে, তারাই জমি পাবেন। আমার বিরুদ্ধে সমস্ত অভিযোগ মিথ্যা। যারা চাকরি করে, তাদের বিরুদ্ধেই এসব অভিযোগ করা হচ্ছে।”

