বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর নতুন প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন অতিরিক্ত আইজি মোসলেহ্ উদ্দিন আহমদ। আজ বুধবার (২৫ মার্চ ২০২৬) রাজধানীতে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
একই অনুষ্ঠানে বিদায়ী সিআইডি প্রধান অতিরিক্ত আইজি মো. ছিবগাত উল্লাহকে সংবর্ধনা জানানো হয়। দায়িত্ব গ্রহণের পর মোসলেহ্ উদ্দিন আহমদ সিআইডিকে আরও দক্ষ, গতিশীল এবং জনআস্থার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে সম্মিলিত প্রচেষ্টার ওপর। এককভাবে নেতৃত্ব দিয়ে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব নয়; বরং প্রতিটি সদস্যের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
বিদায়ী প্রধান ছিবগাত উল্লাহ তার বক্তব্যে সিআইডিকে একটি পরিবার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, কর্মকর্তাদের আন্তরিকতা ও পেশাদার মনোভাবের কারণে সংস্থাটির কাজে দৃশ্যমান উন্নতি এসেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে মানিলন্ডারিং ও আর্থিক অপরাধ সংক্রান্ত জটিল মামলাগুলো সফলভাবে পরিচালনার মাধ্যমে সিআইডি একটি সুসংগঠিত অবস্থানে পৌঁছেছে। অনুষ্ঠানে সিআইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাঠপর্যায়ের কর্মকর্তারাও অনলাইনের মাধ্যমে যুক্ত হন।
মোসলেহ্ উদ্দিন আহমদ ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। এর আগে তিনি পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশসহ কুষ্টিয়া, ভোলা ও শেরপুর জেলায় পুলিশ সুপার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

