বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার (২৫ মার্চ) ভারতীয় হাইকমিশনের মাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং বাংলাদেশের জনগণের প্রতি এই শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ভারতের সরকার, জনগণ এবং তার নিজের পক্ষ থেকে বাংলাদেশের জাতীয় দিবসে আন্তরিক শুভেচ্ছা জানানো হচ্ছে। তিনি উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশ অভিন্ন ইতিহাস, গভীর সাংস্কৃতিক বন্ধন এবং দীর্ঘ ভাষাগত ঐতিহ্যের মাধ্যমে পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত। এই সম্পর্কই দুই দেশের ঘনিষ্ঠ অংশীদারিত্বের ভিত্তি গড়ে তুলেছে।
বার্তায় আরও বলা হয়, সময়ের সঙ্গে সঙ্গে দুই দেশ সংযোগ, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে সীমান্তের দুই পাশের মানুষের জীবনে বাস্তব সুফল পৌঁছেছে।
দ্রৌপদী মুর্মু আরও জানান, ভারত বাংলাদেশর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে আগ্রহী। পাশাপাশি আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি।
শেষে তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক শুভকামনা জানিয়ে তার সর্বোচ্চ সম্মান ও শুভেচ্ছা পুনর্ব্যক্ত করেন।

