বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদারে যুক্তরাষ্ট্র থেকে নতুন করে বড় একটি গমের চালান দেশে এসেছে। প্রায় ৬২ হাজার টনের বেশি গম নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় সরকার-টু-সরকার (জি টু জি) চুক্তির অংশ হিসেবে এই গম আমদানি করা হয়েছে। “জি টু জি-০৩” নামে পরিচিত চুক্তির অধীনে এমভি উবন নারি নামের জাহাজটি ৬২ হাজার ১৫০ টন গম নিয়ে দেশে আসে।
জাহাজে থাকা গমের মান যাচাইয়ের জন্য নমুনা পরীক্ষা ইতোমধ্যে শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে খালাস কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এই চালানের মধ্যে ৩৭ হাজার ২৯০ টন গম চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে। বাকি ২৪ হাজার ৮৬০ টন মোংলা বন্দরে নামানো হবে বলে জানানো হয়েছে।
এর আগে একই চুক্তির প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ টন গম দেশে পৌঁছেছিল। এছাড়া “জি টু জি-০১” ও “জি টু জি-০২” চুক্তির মাধ্যমে ইতোমধ্যে মোট ৪ লাখ ৬৭ হাজার ৮৮৪ টন গম আমদানি করা হয়েছে।
বাংলাদেশে বছরে গমের মোট চাহিদা প্রায় ৭০ লাখ টন। এর মধ্যে স্থানীয়ভাবে উৎপাদন হয় প্রায় ১০ লাখ টনের মতো। ফলে চাহিদার বড় অংশ পূরণ করতে সরকার ও বেসরকারি খাতে বিদেশ থেকে গম আমদানি করতে হয়। খাদ্য মন্ত্রণালয় বলছে, ধারাবাহিক আমদানির মাধ্যমে দেশের খাদ্য মজুত স্থিতিশীল রাখার চেষ্টা চলছে।

