দিনাজপুরের পার্বতীপুরে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে সরাসরি এই জ্বালানি সরবরাহ করা হয়।
ডিপো সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে পাইপলাইনের মাধ্যমে ডিজেলটি পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছে। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে সময় লেগেছে প্রায় ৬০ ঘণ্টা। আজ শুক্রবার সকালে ডিজেলটি পদ্মা, মেঘনা ও যমুনা ডিপোতে সংরক্ষণ করা হয়েছে।
পার্বতীপুর রেলহেড ডিপোর সহকারী ইনচার্জ মো. জীবন বিষয়টি নিশ্চিত করে জানান, পাইপলাইনের মাধ্যমে এই সরবরাহ উত্তরাঞ্চলের জ্বালানি ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
উত্তরের কৃষিনির্ভর আট জেলায় সেচ কার্যক্রম সচল রাখা এবং ডিজেলচালিত যানবাহনের জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ ২০১৭ সালের ২২ অক্টোবর ভারতের সঙ্গে ১৫ বছর মেয়াদি একটি চুক্তি করে। ওই চুক্তির আওতায় পাইপলাইনে নিয়মিত ডিজেল আমদানি করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালে বাংলাদেশ সর্বোচ্চ ১ লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করতে পারবে। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত ইতোমধ্যে ৫ হাজার মেট্রিক টন ডিজেল সরবরাহ পেয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
এর আগে ১১ মার্চ একই পরিমাণ ডিজেল এসেছে। সর্বশেষ চালান শুক্রবার পৌঁছেছে এবং আগামী সপ্তাহে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে।
এদিকে, আগামী চার মাসের মধ্যে পাইপলাইনের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বিপিসি। জ্বালানি মন্ত্রণালয়ের মাধ্যমে এ প্রস্তাব বিবেচনাধীন রয়েছে।

