কুমিল্লার মুরাদনগরের এক গ্রামে বসতঘরের দরজা ভেঙে এক তরুণীকে (২৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও শনিবার রাতে ফেসবুকে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই তা ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এই বর্বর ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশের শোবিজ অঙ্গনও। একের পর এক তারকা সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি—জনসমক্ষে ফাঁসির দাবি তুলছেন।
চিত্রনায়ক মিশা সওদাগর ফেসবুকে লেখেন,
‘প্রতিটি নারী নিরাপদে থাকুক। প্রতিটি অন্যায়ের ন্যায় বিচার হোক। ধর্ষকের ফাঁসি হোক। মুরাদনগরে ঘটে যাওয়া ধর্ষণের তীব্র ঘৃণা ও নিন্দা জানাচ্ছি।’
অভিনেত্রী তমা মির্জা লেখেন, ‘মুরাদনগর, কুমিল্লা! বিভৎসতা! লজ্জা!’
অভিনেত্রী মৌসুমী হামিদ লিখেছেন, ‘মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোনো মানুষ থাকবে না। খুব শিগগিরই।’
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি হ্যাশট্যাগসহ লিখেছেন,
‘ধর্ষণকে না বলুন। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নীরবতাই সমর্থন। ধর্ষণ বন্ধ করুন।’
অভিনেত্রী নুসরাত ফারিয়া লিখেছেন, ‘স্টপ রেপ।’
সঙ্গীতশিল্পী পারশা মাহজাবীন পূর্ণী লিখেছেন, ‘বিবস্ত্র বাংলাদেশ।’
দীর্ঘ এক ফেসবুক পোস্টে অভিনেতা জিয়াউল রোশান বলেন,
‘ধর্ষকদের জনসম্মুখে ফাঁসি চাই। তারা কোন দল বা ধর্মের তা জানতেও চাই না।’
অভিনেতা আরশ খান আরও কঠোর ভাষায় লিখেছেন,
‘কাপুরুষত্ব চরমে পৌঁছালে তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্মপরিচয়হীন না হলে একজন নারীর সঙ্গে এমন করা সম্ভব না।’
‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা শিমুল শর্মা লেখেন,
‘কোথায় স্বর্গ? কোথায় নরক? কে বলে তা বহুদূর? মানুষেরই মাঝে স্বর্গ-নরক।’
অভিনেতা সাইদুর রহমান পাভেল ফেসবুক লাইভে এসে বলেন,
‘ধর্ষকদের মেরে ফেলুন। প্রকাশ্যে ফাঁসি দিন।’
তিনি দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘এখন তো মনে হচ্ছে ভুল করেছি ভাই, ভুল করেছে সবাই।’
ঘটনাটি শুধু স্থানীয় নয়, জাতীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। জনসচেতনতা এবং বিচার ব্যবস্থার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

