দেশ গঠনে ন্যায়বিচার, প্রশাসনিক সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে বরিশালে পদযাত্রা ও পথসভার আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে আগামীকাল মঙ্গলবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টায়।
এই উপলক্ষে সোমবার (১৪ জুলাই) সকালে বরিশাল নগরীর হোটেল কিং ফিশারে এক মতবিনিময় সভার আয়োজন করে এনসিপি। এতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলীয় নেতারা।
সভায় বরিশাল জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা বলেন, “এই পদযাত্রার মূল লক্ষ্য হলো ন্যায়বিচার প্রতিষ্ঠা, প্রশাসনিক সংস্কার, দেশ পুনর্গঠন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়ন। পাশাপাশি একটি গ্রহণযোগ্য নির্বাচনও নিশ্চিত করতে চাই আমরা।”
তিনি জানান, কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার বিকেলে সদর রোডে এবং মঙ্গলবার সকালে বাজার রোডে গণসংযোগ করবেন জেলা ও মহানগর এনসিপির নেতাকর্মীরা।
পদযাত্রার রুট সম্পর্কে বিস্তারিত জানানো হয় মতবিনিময় সভায়। এতে বলা হয়, রুপাতলী থেকে পরিবহনযোগে অমৃত লাল কলেজ মোড়ে যাত্রা শুরু হবে। সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে হাসপাতাল রোড, জেলখানা মোড়, সদর রোড হয়ে শেষ হবে ফজলুল হক এভিনিউয়ে। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সদস্য কাজী সাইফুল ইসলাম, বরিশাল জেলার যুগ্ম আহ্বায়ক এম এম সাইফুল মুন্সি, মাসুম বিল্লাহ, যুগ্ম সমন্বয়কারী আবু সাঈদ, মহানগরের সাংগঠনিক নেতা মাহিন মোর্শেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

