রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমান দুর্ঘটনার পর থেকে এলাকায় জনসমাগম বাড়তে থাকে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে কিছু ব্যক্তি অস্থায়ীভাবে অবৈধ দোকান স্থাপন করে এবং পণ্য অতিরিক্ত দামে বিক্রি করতে শুরু করে।
এই অনৈতিক কার্যক্রম বন্ধে বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) অঞ্চল-৯ এর আওতাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ডিএনসিসি। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অবৈধ দোকানগুলো উচ্ছেদ করা হয় এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ডিএনসিসির পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থবিরোধী বা অনৈতিক কোনো কার্যক্রম বরদাশত করা হবে না এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

