জুলাই সনদ ও ঘোষণা বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে অন্তর্ভুক্তির দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে টানা দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ‘জুলাই যোদ্ধারা’। আজ শুক্রবারও তাঁরা শাহবাগে অবস্থান করছেন, ফলে গুরুত্বপূর্ণ এ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের (আহত)’ ব্যানারে এ কর্মসূচি শুরু হয়। অবরোধকারীরা জানিয়েছেন, এটি ‘জুলাই যোদ্ধা সংসদ’ নামের একটি প্ল্যাটফর্মের উদ্যোগ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর আজ শুক্রবার সকালে বলেন, ‘গতকাল সারারাত তারা শাহবাগ সড়কে অবস্থান করেছে। আজ দুপুর পর্যন্তও তারা সেখানে আছে। বৃষ্টি উপেক্ষা করেই আন্দোলনকারীদের অবস্থান করতে দেখা গেছে।’
‘জুলাই সনদ ঘোষিত না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে’- বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় এমনটাই জানান ‘জুলাই যোদ্ধা সংসদের’ মুখ্য সংগঠক মাসুদ রানা।
গতকাল দুপুর ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শাহবাগ ও আশপাশের এলাকায় অবস্থান কর্মসূচি ও তা ঘিরে জনদুর্ভোগ লক্ষ্য করা গেছে। আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় কর্মস্থলমুখী মানুষের চাপ কম থাকলেও যানবাহনের অভাবে সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়েছে।

আন্দোলনকারীরা যে দাবিগুলো তুলেছেন, সেগুলো হলো:
- ‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধাদের’ রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া
- শহীদ পরিবার ও আহতদের জন্য আজীবন সম্মান, চিকিৎসা, শিক্ষা ও কল্যাণের নিশ্চয়তা
- আহত ও শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্রীয়ভাবে গ্রহণ
- আহতদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও কল্যাণ ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন
- আজীবন সম্মানজনক ভাতা নিশ্চিত করা
- শহীদ ও আহতদের জন্য বিশেষ আইনি সুরক্ষা ও সহায়তা কেন্দ্র স্থাপন
- দমন-পীড়নের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আন্তর্জাতিক মান অনুযায়ী বিচার
- একটি স্বাধীন ‘সত্য ও ন্যায় কমিশন’ গঠন

