রাজধানীর আদাবরে কিশোর গ্যাংয়ের হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে। এরপর রাতভর অভিযান চালিয়ে পুলিশ ১০২ জনকে গ্রেপ্তার করেছে।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া জানিয়েছেন, ধরা পড়া সবাই বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে সুনিবিড় হাউজিং এলাকায় একটি গ্যারেজে অভিযান চালাতে গেলে কিশোর গ্যাংয়ের সদস্যরা দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশ সদস্য আল-আমিন গুরুতর আহত হন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ বলছে, হামলার নেতৃত্ব দেন কিশোর গ্যাংয়ের মূল হোতা জনি ও রনি। তাঁদের সঙ্গে ছিলেন নাজির, ওসমান, দাঁতভাঙা সুজন, কবজিকাটা হৃদয়, মাদক ব্যবসায়ী রাজুসহ আরও কয়েকজন। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ চালায় এবং মারাত্মক জখম করে।
ওসি এস এম জাকারিয়া জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।

