রাজশাহী মহানগর শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, “ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।” শহীদুলের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের।
শহীদুলের বহিষ্কারের সিদ্ধান্ত কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেছেন।
এর আগে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল হক মিলনের মনোনয়ন বাতিলের দাবিতে গত সোমবার (১০ নভেম্বর) বিকেলে চৌদ্দপাই এলাকায় সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ হয়। এসময় শহীদুলও শরীরে আগুন ধরে যাওয়ার ঘটনায় আহত হন। তিনি মনোনয়নপ্রত্যাশী নাসির হোসেন অস্থিরের সমর্থক হিসেবে বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

