বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জানানো হয়, ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার করা হবে।
বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি এবং গণভোট ইস্যুতে বিএনপি, জামায়াতসহ প্রধান রাজনৈতিক দলগুলো মুখোমুখি অবস্থানে রয়েছে।
একদিকে জামায়াতসহ আটটি রাজনৈতিক দল পাঁচ দফা দাবিতে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছে। অন্যদিকে নির্বাচনের দিনেই গণভোট আয়োজন ও জুলাই সনদে ‘নোট অব ডিসেন্ট’ বিষয়ক অবস্থান নিয়ে সরব বিএনপিসহ সমমনা দলগুলো।
এছাড়া আগামী ১৩ নভেম্বর আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরেও রাজনৈতিক উত্তাপ বেড়েছে।
এমন উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

