আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এই নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাচ্ছে না জাতিসংঘ। গতকাল সোমবার সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিকের কাছে বাংলাদেশের বিষয় নিয়ে তিনটি প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্ন ছিল—জাতিসংঘ কি নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে? জবাবে দুজারিক বলেন, “না। সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া জাতিসংঘ নিজে থেকে কোনো পর্যবেক্ষক পাঠায় না। ফলে আমরা এখন এটি করছি না। তবে নির্বাচনের ক্ষেত্রে জাতিসংঘের দেশীয় কার্যালয় প্রায়ই কারিগরি সহায়তা দেয়। তারা এ ধরনের কোনো সহায়তা দিচ্ছে কি না, তা আমি জানাতে পারি।”
মুখপাত্র আরও বলেন, “আমি সংবাদ বিশ্লেষণ করি না। খবর বিশ্লেষণ করা সাংবাদিকদের কাজ। আমরা শুধু বাংলাদেশের জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষা এবং অবাধ মতপ্রকাশের মাধ্যমে যে নির্বাচন হবে, তাকে সব উপায়ে সমর্থন দেব।”
দ্বিতীয় প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরার বিষয়টি নিয়ে মন্তব্য জানতে চাওয়া হয়। এ প্রসঙ্গে দুজারিক একই উত্তর দেন—“আমি সংবাদ বিশ্লেষণ করি না। আমরা নির্বাচনকে সমর্থন দিই যাতে জনগণ অবাধভাবে মতপ্রকাশ করতে পারে।”
এছাড়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “তাঁর মৃত্যুতে আমরা স্বাভাবিকভাবেই তাঁর পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

