আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জি এম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জু নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) প্রার্থীদের অংশগ্রহণ থেকে বিরত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
রিট দায়ের করেছেন ভোলার বাসিন্দা আবদুল্লাহ আল মাহমুদ। আবেদনটি গত রবিবার (৪ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দাখিল করা হয়।
রিটে আইন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে বিবাদী করা হয়েছে, জানিয়েছে রিটকারীর পক্ষে আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির।
তিনি বলেন, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় মহাজোট মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে জাতিসংঘের প্রতিবেদনে উল্লেখিত। এই মহাজোটে জাতীয় পার্টি ও অন্যান্য সহযোগী দল রয়েছে। তাই সংবিধানের ৬৬(২)(ঙ) অনুচ্ছেদ অনুযায়ী তারা নির্বাচনের জন্য অযোগ্য।
শাহরিয়ার কবির আরো জানান, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম দলের কার্যক্রম নিষিদ্ধ করে। এই প্রজ্ঞাপনের ভিত্তিতেই রিটে জাতীয় পার্টির প্রার্থীদের অংশগ্রহণ অযোগ্য করার দাবি করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির জি এম কাদের অংশ ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে। অপরদিকে জাতীয় পার্টি (আনিসুল ইসলাম) ও জেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১১৯ আসনে ১৩১ জন প্রার্থী ঘোষণা করেছে।

