আগের মতো এবার কোনো ‘পাতানো নির্বাচন’ হবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ন্যায় ও ইনসাফে বিশ্বাসী এবং সবাই কমিশনের কাছ থেকে ন্যায়বিচার পাবেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এসব কথা জানান।
সিইসি বলেন, মনোনয়নের বৈধতা বা বাতিলের বিরুদ্ধে যারা আবেদন করছেন, সেসব আবেদনের নিষ্পত্তি আইনি ভিত্তিতেই করা হবে। তিনি জানান, কমিশন স্বচ্ছতায় বিশ্বাসী এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে।
তিনি আরও আশ্বস্ত করেন যে আপিল শুনানির পুরো প্রক্রিয়া হবে অত্যন্ত স্বচ্ছ। প্রতিটি আবেদন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে আইন অনুযায়ী সিদ্ধান্ত দেওয়া হবে বলেও তিনি উল্লেখ করেন।
ইসি জানিয়েছে, আপিল আবেদনের চতুর্থ দিন চলছে বৃহস্পতিবার। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংক্ষুব্ধ আবেদনকারীরা ইসিতে এসে আবেদন জমা দিচ্ছেন। কেউ মনোনয়ন ফিরে পাওয়ার জন্য, কেউ বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বৈধতার বিরুদ্ধে আবেদন করছেন।
ইসির তথ্য অনুযায়ী, শুক্রবার (৯ জানুয়ারি) পর্যন্ত আপিল আবেদন জমা দেওয়া যাবে। আগামী ১০ জানুয়ারি (শনিবার) থেকে আপিল শুনানি শুরু হয়ে চলবে ১৮ জানুয়ারি (রোববার) পর্যন্ত। গত তিন দিনে মোট ২৯৫টি আপিল আবেদন জমা পড়েছে।

