দেশের অন্যতম বিমান সংস্থা নভোএয়ার আগামী ৯ জানুয়ারি (শুক্রবার) ১৪তম বর্ষে পা রাখছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে প্রতিষ্ঠানটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন শুরু করেছে।
এই উপলক্ষে এক মাসের জন্য নভোএয়ার টিকিটে ১৪ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। অফারটি ভোগ করতে যাত্রীরা বিক্রয় কেন্দ্র, ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস থেকে টিকিট কিনতে পারবেন। ওয়েবসাইট ও অ্যাপে টিকিট ক্রয়ের সময় প্রমোকোড VQANNI14 ব্যবহার করতে হবে।
নভোএয়ারের যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৯ জানুয়ারি, ঢাকা থেকে চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে। স্বল্প সময়ে প্রতিষ্ঠানটি যাত্রীসেবার মান, সময়ানুবর্তিতা ও নিরাপত্তার কারণে আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে যাত্রীদের কাছে একটি বিশ্বাসযোগ্য নাম হিসেবে পরিচিতি অর্জন করেছে।
এখন পর্যন্ত নভোএয়ার ১৩ বছরে ১ লাখ ৪২ হাজারেরও বেশি ফ্লাইট পরিচালনা করেছে এবং ৮ মিলিয়নের বেশি যাত্রীকে সেবা দিয়েছে। যাত্রীসেবাকে আরও সহজ, আধুনিক ও মানসম্মত করতে নভোএয়ার দেশের প্রথম বিমান সংস্থা হিসেবে চালু করেছে ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, কো-ব্র্যান্ডেড কার্ড, মোবাইল অ্যাপ ও ওয়েব চেক-ইন সুবিধা। এছাড়া স্মাইলস মেম্বারদের জন্য বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের আউটলেটে বিশেষ ছাড় এবং বোর্ডিং পাস প্রিভিলেজও রয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “সময়নুবর্তী ফ্লাইট এবং নিরাপদ ভ্রমণ নিশ্চিত করার মাধ্যমে যাত্রীদের চাহিদা পূরণ এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিভিন্ন চ্যালেঞ্জ অতিক্রম করে নভোএয়ার আজ আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুট সম্প্রসারণের মাধ্যমে সেবার মান আরও উন্নত করাই আমাদের অঙ্গীকার।”
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও সৈয়দপুর অভ্যন্তরীণ নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।

