মানুষের জন্য আইনি সহায়তা ফাউন্ডেশন সোমবার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় রাষ্ট্র এবং রাজনৈতিক দলগুলোকে নির্বাচনকালীন সহিংসতা রোধ ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে।
সভায় সংবিধান ও রাজনৈতিক বিশ্লেষক ইকতেদার আহমেদ বলেন, “নির্বাচন গণতন্ত্রের মূল ভিত্তি এবং ভোটারদের অধিকার। সহিংসতা ভোটাধিকার প্রয়োগে বাধা সৃষ্টি করে। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা রাখতে হবে।”
সংগঠনের চেয়ারম্যান আব্দুল বাতেন রাফি বলেন, “নির্বাচনকালীন সহিংসতা শুধু রাজনৈতিক সমস্যা নয়, এটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত না হলে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। নাগরিক সমাজ, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থার ভূমিকা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।”
নির্বাহী পরিচালক সামসুদ্দোহা পিন্টু বলেন, “আইনি সহায়তা ও সচেতনতা বৃদ্ধিই সহিংসতা রোধের একমাত্র উপায়। ভুক্তভোগীদের দ্রুত সহায়তা দিতে আমরা আগামীতেও সক্রিয় থাকব।”
সভায় আরো উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. শিব্বির আহমেদ, আমেরিকান বার ও ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের সদস্য ড. মুহাম্মাদ বিলাল হোসাইন এবং স্পেশালিস্ট ইএনটি ও হেড-নেক সার্জন ডা. এম. আরিফ মোর্শেদ খান।

