নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় রিয়া গোপসহ ১০ জন নিহতের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সোমবার (১৯ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর বিচারিক প্যানেল এই আদেশ দেন।
আদালতকে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, ১৯ ও ২১ জুলাই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দেশীয় ও বিদেশি অস্ত্র হাতে শিক্ষার্থীদের ওপর হামলা চালান শামীম ওসমান ও তার অনুসারীরা। তারা নারায়ণগঞ্জ ক্লাবে আন্দোলন দমনের পরিকল্পনা করেন। রাইফেলস ক্লাবের সকল অস্ত্র তারা লুট করে শিক্ষার্থীদের ওপর হামলা চালান।
অভিযোগে আরও বলা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে ফোনে আলোচনার পর শামীম নিজেই অস্ত্র নিয়ে মাঠে নেমেছিলেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ দায়ের করা হয়েছে।

