প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে ১৫ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ সোমবার মামলার বাদীপক্ষের আইনজীবী মুসতাভী হাসান রাতুল বিষয়টি নিশ্চিত করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম আসামিদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করেন। আদালত তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ডও দেন। অর্থদণ্ড না দেওয়ার ক্ষেত্রে আরও তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত না থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলায় অভিযোগ, আসামিরা প্রতারণার উদ্দেশ্যে চমকপ্রদ বিজ্ঞাপন দিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছেন। বিভিন্ন সময়ে প্রতিষ্ঠানটি তাদের ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন পণ্যের অফার দেয়।
বাদী মো. বজলুর রহমান ২০২১ সালের ৪ জুন এই বিজ্ঞাপন দেখে একটি মোটরসাইকেল (Honda Livo 110cc Motorbike) কিনতে ৬১ হাজার ১৪২ টাকা স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেডের ডেবিট কার্ডের মাধ্যমে অগ্রিম প্রদান করেন। নির্ধারিত সময়ের মধ্যে তারা মোটরসাইকেল হস্তান্তর করতে ব্যর্থ হন।
এরপর ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর বজলুর রহমান মামলা দায়ের করেন। আদালত ২০২৫ সালের ২৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

