আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আগে লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার করতে জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
তিনি বলেন, নির্বাচনের আগেই যেভাবেই হোক এসব অস্ত্র উদ্ধার করতে হবে। তার মতে, নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনের জন্য এটা অত্যন্ত জরুরি। যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে সময়মতো পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত প্রশাসনিক সংস্কার বাস্তবায়ন জাতীয় কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকটি তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশের নির্বাচন প্রক্রিয়া, প্রশাসনিক প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থার উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বৈঠকে আসন্ন নির্বাচনের জন্য প্রশাসনিক প্রস্তুতি আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তিনি বলেন, “লুট হওয়া অস্ত্র দ্রুত উদ্ধার না করা হলে তা ভোটকেন্দ্র ও সাধারণ মানুষদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এজন্য প্রধান উপদেষ্টা সরাসরি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট দফতরকে নির্দেশ দিয়েছেন।”
শফিকুল আলম আরও জানান, দুপুরে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য সাংবাদিকদের জানানো হয়। এছাড়া তিনি প্রেস ব্রিফিংয়ে নির্বাচনের সময় নিরাপত্তা ব্যবস্থা, আইন শৃঙ্খলা এবং প্রশাসনিক প্রস্তুতির বিভিন্ন দিক তুলে ধরেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এই নির্দেশনা নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ গুরুত্ব বহন করছে। তার পর্যবেক্ষণ অনুযায়ী, যেকোনও নির্বাচনী অনিয়ম ও নিরাপত্তাহীন পরিস্থিতি এড়াতে অস্ত্র উদ্ধারের কাজ দ্রুত সম্পন্ন করা আবশ্যক।

