বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের (বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড—বিআইএফপিসিএল) ৯ জন ভারতীয় কর্মকর্তা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই দেশে ছেড়ে চলে গেছেন। এ ঘটনার প্রতি প্ল্যান্ট কর্তৃপক্ষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিষয়টি সঙ্গে সঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে।
প্ল্যান্ট সূত্রে জানা গেছে, গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সকালে খাবারের টেবিলে কর্মকর্তাদের অনুপস্থিতি দেখে কর্তৃপক্ষ তাদের খোঁজ নেওয়া শুরু করে। পরে নিশ্চিত হয়, তারা কাউকে জানানো ছাড়াই প্ল্যান্ট ত্যাগ করেছেন। দুপুরে ভোমরা স্থলবন্দর দিয়ে তাদের ভারতে প্রবেশের বিষয়টি নিশ্চিত হয়। এরপর প্রকল্প পরিচালক রামানাথ পুজারী বিষয়টি জানার পর সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করলে তারা নিরাপত্তাহীনতার অজুহাতে দেশ ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেন।
বিদ্যুৎ প্ল্যান্ট এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ চার স্তরের কঠোর নিরাপত্তা থাকলেও কর্মকর্তাদের হঠাৎ চলে যাওয়া রহস্যজনক বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কর্তৃপক্ষের দাবি, নিরাপত্তা নিয়ে কোনো অভিযোগ বা উদ্বেগ তারা আগে জানায়নি। তাই অনুমতি ছাড়া হঠাৎ দেশ ত্যাগে কর্তৃপক্ষ বিস্মিত।
দেশ ত্যাগ করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ন্যাশনাল থার্মাল পাওয়ার কোম্পানি (এনটিপিসি) থেকে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্টে কর্মরত জি এম সিউজ প্রতিম ভর্মন, জি এম বিশ্বজিৎ মন্ডল, জি এম এন-সুরায়া প্রকসা রায়, এজি এম কেসাবা পলাকী, ডিজিএম সুরেয়া কান্ত মন্দেকার, ডিজিএম সুরেন্দ্র লম্বা, এজিএম পাপ্পু লাল মিনা, ডিজিএম অর্নিবান সাহা এবং সিএফ ইমানুয়েল পনরাজ দেবরাজ।
উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) আনোয়ারুল আজিম জানিয়েছেন, সকালে ডাইনিংয়ে তাদের অনুপস্থিতি লক্ষ্য করে খোঁজ নেওয়া হয় এবং পরে জানা যায় তারা অনুমতি ছাড়াই ভারতে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, কর্মকর্তারা কেন হঠাৎ দেশ ত্যাগ করেছেন তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

