কক্সবাজারের টেকনাফের দুই কিশোর মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী সংলগ্ন এলাকায় নাফ নদীতে এই ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ দুই কিশোর হলেন মো. সোহেল (১৬) ও মো. ওবাইদুল্লাহ (১৭)। তারা দুজনই হোয়াইক্যং এলাকার স্থানীয় বাসিন্দা। আহত কিশোরদের কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ওই দুই কিশোর নৌকা নিয়ে নদীতে মাছ ধরছিলেন। হঠাৎ মিয়ানমার থেকে তাদের নৌকাকে লক্ষ্য করে ১০ থেকে ১২ রাউন্ড গুলি ছোড়া হয়। আশপাশে থাকা লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তদন্তে জানা গেছে, গুলি নিক্ষেপের ঘটনায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যদের যুক্ত থাকার সম্ভাবনা রয়েছে।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ জালাল বলেন, “নাফ নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোর জেলে গুলিবিদ্ধ হয়েছে। গুলির ঘটনা আরাকান আর্মির সঙ্গে সম্পর্কিত।”
এর আগে ১১ জানুয়ারি সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়েছিল টেকনাফের হুজাইফা আফনান (৯)। সে বর্তমানে ঢাকায় চিকিৎসাধীন। ১২ জানুয়ারি লম্বাবিল এলাকায় একটি মাইন বিস্ফোরণে মাছ চাষি মোহাম্মদ হানিফ পা হারান। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

