স্নাতক পরীক্ষার জাল সনদ ব্যবহার করে বিসিএস প্রশাসন ও পররাষ্ট্র ক্যাডারে চাকরি নেওয়ার অভিযোগে তিন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্তে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে, তারা পাবলিক সার্ভিস কমিশিতে (পিএসসি) ভুয়া তথ্য দাখিল করেছিলেন।
দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন জানিয়েছেন, আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) কমিশনের প্রধান কার্যালয় থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলার তালিকায় থাকা কর্মকর্তারা হলেন–
- ৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের সঞ্জয় দাস (রেজি. নম্বর-০৮২৯৪৭)
- ৪১তম বিসিএস প্রশাসন ক্যাডারের সুকান্ত কুণ্ডু (রেজি. নম্বর-১১০৬৬২৯৬)
- ৩৮তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের আবু সালেহ মো. মুসা (রেজি. নম্বর-০৮২৮১৪)
সূত্র জানায়, অভিযুক্তদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে তারা স্নাতক পরীক্ষার সনদ জালিয়াতি করে পিএসসিতে জমা দিয়েছেন। পিএসসির নিজস্ব তদন্তে এই অভিযোগ প্রমাণিত হয়। কমিশনের সুপারিশের ভিত্তিতেই দুদক আইনি ব্যবস্থা নিতে যাচ্ছে।
অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা জাল সনদ তৈরি করে বিসিএসে আবেদন করেছিলেন। পরে সনদ যাচাই করা হলে দেখা যায়, আবেদনকালে দাখিল করা সনদগুলো ভুয়া।
দুদক জানিয়েছে, অপরাধের প্রেক্ষিতে তারা দুদক বিধিমালা, ২০০৭-এর ১০(চ) ধারা অনুযায়ী মামলা করার অনুমোদন দিয়েছে। শিগগিরই তিনজনের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হবে।

