প্রশাসনে যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে ১১৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতিপ্রাপ্ত সব কর্মকর্তা বিসিএস প্রশাসন ক্যাডারের ২০তম ব্যাচের সদস্য।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতির তথ্য জানানো হয়।
তবে এই পদোন্নতিকে কেন্দ্র করে প্রশাসনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, দীর্ঘদিন ধরে পদোন্নতির অপেক্ষায় থাকা এবং দক্ষতার স্বীকৃতি পাওয়া অনেক কর্মকর্তা এবারও পদোন্নতির তালিকায় স্থান পাননি।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্র জানায়, ২০তম ব্যাচের কর্মকর্তাদের এই পদোন্নতির ক্ষেত্রে যোগ্য ও অভিজ্ঞ একাধিক কর্মকর্তা আবারও বাদ পড়েছেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের একটি বড় অংশ এই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি বলে জানা গেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতোমধ্যে পরিবর্তিত হয়ে থাকলে, তিনি বর্তমানে কর্মরত দপ্তরের নাম ও ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন।
এতে আরো উল্লেখ করা হয়, পদোন্নতি পাওয়া কোনো কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তীতে কোনো বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, কর্তৃপক্ষ এই আদেশ প্রয়োজন অনুযায়ী সংশোধন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করে।

