আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সচিবালয়ে অবৈধ প্রবেশের কারণে ইতোমধ্যে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সচিবালয়ে প্রবেশের ক্ষেত্রে ‘বাংলাদেশ সচিবালয় প্রবেশ নীতিমালা–২০২৫’ যথাযথভাবে অনুসরণ হচ্ছে কি না তা নিয়মিতভাবে মনিটর করা হচ্ছে। এরই অংশ হিসেবে ২৫ জানুয়ারি দুই জনকে অননুমোদিতভাবে প্রবেশের দায়ে আটক করা হয়।
আটকরা হলেন— মো. আলিফ শরীফ ও মো. আশিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার কর্মকর্তার সই জাল করে তারা প্রবেশ করেছিলেন, যা সরকারি নির্দেশনার স্পষ্ট লঙ্ঘন।
মো. আলিফ শরীফ দীর্ঘদিন ধরে সচিবালয়ে প্রবেশের জন্য অবৈধ পাস তৈরিতে জড়িত ছিলেন এবং পূর্বেও একাধিক ব্যক্তিকে এ ধরনের পাস তৈরিতে সহায়তা করেছেন। ভ্রাম্যমাণ আদালত মো. আলিফ শরীফকে এক মাস এবং মো. আশিককে সাত দিনের কারাদণ্ড দেন।
এ ঘটনার সূত্র ধরে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে কর্মরত মো. দিদারুল আলমকেও একই অপরাধে জড়িত থাকার অভিযোগে চিহ্নিত করা হয়। তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, সচিবালয়ে অননুমোদিত যানবাহনের প্রবেশও কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। স্টিকারবিহীন বা মেয়াদোত্তীর্ণ স্টিকারযুক্ত যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে।
সচিবালয়ের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের মনিটরিং ও অভিযান নিয়মিতভাবে চলবে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

