জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, সেবার মানোন্নয়নের কাজের কারণে আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ২টা থেকে ই-ভ্যাট সেবা সাময়িকভাবে বন্ধ রাখা হবে। পরিকল্পনা অনুযায়ী, মানোন্নয়ন কার্যক্রম শেষ হওয়ার পর শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টার পর সেবা পুনরায় চালু হবে।
এনবিআরের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “ফাংশনসমূহের আপগ্রেডেশনের জন্য আজ ২৯ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩০ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত ই-ভ্যাট সিস্টেমের সকল অপারেশন বন্ধ থাকবে। নির্ধারিত সময় শেষ হওয়ার পর সকল কার্যক্রম স্বাভাবিকভাবে পুনরায় শুরু হবে।” ই-ভ্যাট ব্যবস্থাকে আরও আধুনিক, সহজ ও কার্যকর করার লক্ষ্যে একাধিক নতুন ফিচার সংযোজন এবং বিদ্যমান মডিউলগুলো আপগ্রেড করা হচ্ছে।
মূল হাইলাইটস:
-
মূসক ৬.১০ ফর্ম: সেমি-অ্যানুয়াল রিটার্ন ফর্মের নির্বাচন, সাব-ফর্মে এক্সেল ফাইলের মাধ্যমে ডাটা আপলোড, এবং ক্রয় সংক্রান্ত সাব-ফর্মে সর্বোচ্চ পাঁচ মাস আগের তারিখ ইনপুটের সুবিধা যুক্ত হয়েছে।
-
ওবি ডাটা এন্ট্রি ফাংশনালিটি: ডাটা এক্সেল ফাইলের মাধ্যমে আপলোড করা যাবে, অনুমোদন প্রক্রিয়া বাতিল করা হয়েছে এবং সফল ডাটা সাবমিশনের সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে কেস আইডি তৈরি হবে।
-
মাস্টার ডাটা লিস্ট: ‘ফুল ভ্যাট অফিস নেইম’ নামে নতুন ফিল্ড যুক্ত হয়েছে, যা সংশ্লিষ্ট ভ্যাট অফিসের পূর্ণাঙ্গ তথ্য দেখাবে।
-
মূসক ৯.১ ও ৯.২ এমসিএফ: ডকুমেন্ট তালিকায় ‘অন্যান্য তথ্যাদি’ ফিল্ড যুক্ত করা হয়েছে, যা নির্দিষ্ট ক্ষেত্রে বাধ্যতামূলক হবে। এছাড়া ইমেইল ও নোটিফিকেশন পাঠানোর সময় ব্যবহারকারীর আইডির সঙ্গে সংশ্লিষ্ট ডিডিওর ভূমিকা যাচাইয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
এনবিআর সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্ধারিত সময় সম্পর্কে সচেতন থাকার জন্য অনুরোধ জানিয়েছে।

