ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা চূড়ান্তভাবে বাতিল হয়েছে। তাঁর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসানুল করিম এবং অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।
ঋণ খেলাপির অভিযোগ তুলে কুমিল্লা-৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ নির্বাচন কমিশনে আবেদন করেন মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে ঋণ খেলাপির অভিযোগে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তিনি হাইকোর্টে রিট আবেদন করেন। তবে গত ২১ জানুয়ারি ঋণ খেলাপির অভিযোগে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখে তাঁর রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। পরে ওই রায়ের বিরুদ্ধে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
রোববার আপিল বিভাগ সেই আবেদনও খারিজ করায় মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা সংক্রান্ত আইনি লড়াইয়ের এখানেই সমাপ্তি ঘটল।

