জুলাই গণ–অভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনকে গুলি করে হত্যা এবং তাদের লাশ দাহ করার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে ৫ ফেব্রুয়ারি।
আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এই রায় ঘোষণার তারিখ নির্ধারণ করে। ট্রাইব্যুনালের তিন সদস্যের বেঞ্চের নেতৃত্ব দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরি। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। মামলার আসামি হিসেবে ছিলেন সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলামসহ মোট ১৬ জন। তাদের মধ্যে আটজন বর্তমানে গ্রেপ্তার রয়েছেন।
গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, সাভার সার্কেলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন, আশুলিয়া থানার সাবেক উপপরিদর্শক আবদুল মালেক, এবং আরাফাত উদ্দীন, কামরুল হাসান, শেখ আবজালুল হক ও সাবেক কনস্টেবল মুকুল চোকদার।

