ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে দুর্নীতি, ঘুষ গ্রহণ ও নানা অনিয়মের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে আদালত দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সহকারী পরিচালক মো. আশিকুর রহমান এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, প্রশাসকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ অনুসন্ধানাধীন।
অভিযোগগুলোর মধ্যে উল্লেখযোগ্য—মিরপুর গাবতলী পশুর হাটের ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার বা হোটেল শেরাটন দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং স্থানে দোকান বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস এবং ফুটপাতে দোকান বরাদ্দসহ আরও নানা অনিয়ম।
দুদকের আবেদনে বলা হয়, আইন ও বিধিমালা অনুযায়ী মোহাম্মদ এজাজকে নোটিশ প্রদান করা হলেও তিনি দুদক কার্যালয়ে উপস্থিত হননি। সংস্থাটি জানতে পেরেছে যে, তিনি অভিযোগের আওতায় দেশের বাইরে চলে যেতে পারেন। তাই অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাত্রা সীমিত করা জরুরি। আদালত উভয় পক্ষের শুনানি শেষে দুদকের আবেদন মঞ্জুর করে প্রশাসকের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

