বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) যৌথভাবে তৈরি বাংলাবিজ প্ল্যাটফর্মের নতুন সংস্করণ ‘বাংলাবিজ ২.০’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নতুন এই সংস্করণ বিনিয়োগকারীদের জন্য একক, পূর্ণাঙ্গ ও ডিজিটাল বিনিয়োগ সেবা নিশ্চিত করবে এবং বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে আরও সুবিধাজনক ও স্বচ্ছ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গতুকাল রোববার ঢাকার আগারগাঁওয়ের বিডা কার্যালয়ে আয়োজন করা অনুষ্ঠানে দেশি ও বিদেশি ব্যবসায়ী প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং উন্নয়ন সহযোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নতুন সংস্করণের কার্যকারিতা, বিনিয়োগ সেবা গ্রহণ প্রক্রিয়া এবং ডিজিটাল সুবিধাগুলো সরাসরি উপস্থাপন করা হয়।
জাইকার বাংলাদেশ অফিসের প্রধান তোমোহিদে ইচিগুচি বলেন, “বিনিয়োগকারীরা দীর্ঘদিন ধরে স্বচ্ছ, দ্রুত এবং পূর্বানুমেয় সরকারি সেবার দাবি জানিয়ে আসছিলেন। বাংলাবিজ সেই দাবির একটি কার্যকর সমাধান। অনলাইন সিস্টেমে ব্যবসা নিবন্ধন ও অনুমোদন প্রক্রিয়া একীভূত করে এটি বাংলাদেশের বিনিয়োগ পরিবেশকে বিশ্বমানের একটি ইকোসিস্টেমে রূপান্তর করবে।” তিনি আরও জানান, জাইকা বিনিয়োগবান্ধব ও স্বচ্ছ ব্যবসা পরিবেশ গড়ে তুলতে বাংলাদেশের সহায়তা অব্যাহত রাখবে।
বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, “বিনিয়োগকারীদের জন্য নির্দিষ্ট সময়সীমা, স্বচ্ছ কার্যপ্রবাহ এবং নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বাংলাবিজ একটি মাল্টি-এজেন্সি সার্ভিস পোর্টাল হিসেবে গড়ে তোলা হয়েছে, যা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের ব্যবসা পরিচালনার জটিলতা উল্লেখযোগ্যভাবে কমাবে।” তিনি আরও জানান, গত সপ্তাহে বিডার গভর্নিং বোর্ডের বৈঠকে বাংলাবিজকে বিনিয়োগসংক্রান্ত সব সরকারি সেবার একক প্রবেশদ্বার হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং শিগগির এটি গেজেট আকারে প্রকাশ হবে।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, জাপানের রাষ্ট্রদূত সাইদা, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদীসহ অন্যান্য অতিথিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লুৎফে সিদ্দিকী বলেন, “সরকারি সেবা ডিজিটাল করতে হলে তা ব্যবহারকারীকেন্দ্রিক হতে হবে এবং পুরো প্রক্রিয়াটি শুরু থেকে শেষ পর্যন্ত ডিজিটাল হতে হবে। অপ্রয়োজনীয় বা জটিল ধাপগুলো সহজ করা বা বাদ দেওয়া জরুরি।”
বিডা জানিয়েছে, বাংলাবিজ ২.০–তে নতুন সুবিধা সংযোজনের মাধ্যমে ব্যবসা শুরু ও পরিচালনার প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হয়েছে। নতুন ‘বিজনেস স্টার্টার প্যাকেজ’ এর আওতায় ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় পাঁচটি প্রধান অনুমোদন — নেম ক্লিয়ারেন্স, অস্থায়ী ব্যাংক হিসাব খোলা, কোম্পানি নিবন্ধন, ই-টিআইএন এবং ট্রেড লাইসেন্স — একমাত্র আবেদনের মাধ্যমে তিন কার্যদিবসের মধ্যে সম্পন্ন করা যাবে।
এছাড়া পরিবেশ ছাড়পত্র, ভ্যাট নিবন্ধন, কারখানা ও অগ্নিনিরাপত্তা লাইসেন্স, আমদানি ও রপ্তানি নিবন্ধন (আইআরসি ও ইআরসি)সহ ২০টিরও বেশি গুরুত্বপূর্ণ অনুমোদন বাংলাবিজে সরাসরি যুক্ত করা হয়েছে। নতুন ‘নো ইওর অ্যাপ্রুভালস’ ফিচারের মাধ্যমে বিনিয়োগকারীরা আগেই জানতে পারবেন কোন ধরনের ডকুমেন্টস জমা দিতে হবে এবং প্রয়োজনে রিলেশনশিপ ম্যানেজারের সহায়তা নিতে পারবেন।
বাংলাবিজ ২.০–তে সংযোজিত বাংলাবিজ আইডি একটি ইউনিক ব্যবসায়িক পরিচিতি নম্বর হিসেবে কাজ করবে। এটি ব্যবসার প্রোফাইল ব্যবস্থাপনা, তথ্য শেয়ারিং এবং বিভিন্ন সংস্থায় আবেদন প্রক্রিয়ার অগ্রগতি সহজে ট্র্যাক করতে সাহায্য করবে। ভবিষ্যতে জাতীয় পর্যায়ে ইউনিক বিজনেস আইডি চালুর ভিত্তি হিসেবে এটি ব্যবহার হবে। পাশাপাশি সিঙ্গেল সাইন-অন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা এক লগইনেই বাংলাবিজ ও সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ওএসএস সিস্টেমে প্রবেশ করতে পারবেন।

