আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিশেষ হটলাইন চালু করেছে।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন।
নাগরিকরা যেকোনো অনিয়ম, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বা নির্বাচন প্রভাবিত করতে পারে এমন কোনো ঘটনা দেখলে সরাসরি পুলিশকে জানাতে পারবেন।
হটলাইন নম্বরগুলো হলো: (০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯ ও ০১৩২০০৩৭৩৬০)।
ডিসি তালেবুর রহমান বলেন, “এই নম্বরগুলোর মাধ্যমে নির্বাচন সংক্রান্ত যে কোনো অভিযোগ সহজে এবং দ্রুত পৌঁছে যাবে। নগরবাসীর সহযোগিতা পেলে আমরা একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারব।”
ডিএমপি শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নাগরিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

