ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান। তার নিয়োগ কার্যকর করা হয়েছে মোহাম্মদ এজাজের চুক্তি মেয়াদ শেষ হওয়ায়।
আজ সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারার আওতায় পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আখতার জাহানকে ডিএনসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে হবে।
নিয়োগপ্রাপ্ত প্রশাসক মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তবে এই দায়িত্ব পালনের জন্য তিনি অতিরিক্ত কোনো আর্থিক বা সুবিধা পাবেন না। প্রজ্ঞাপন অনুযায়ী, আদেশটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

