ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন আগামী বৃহস্পতিবার রাজধানীসহ সারা দেশে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ওই দিন দেশের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে অঞ্চলভেদে তাপমাত্রার পার্থক্য থাকতে পারে।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, দেশের উত্তর ও উত্তর–পূর্বাঞ্চলে তুলনামূলকভাবে তাপমাত্রা কম থাকতে পারে। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা কিছুটা বেশি অনুভূত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, চলতি মাসের শুরু থেকেই দেশে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে। দীর্ঘদিন ধরে বৃষ্টি নেই। এ মাসে এখন পর্যন্ত কোনো শৈত্যপ্রবাহ হয়নি এবং আগামী দু–এক দিনেও তেমন সম্ভাবনা নেই।
ভোটের দিন ঢাকা বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রাজধানীতে কুয়াশার সম্ভাবনা নেই। তবে বিভাগের নদী অববাহিকা এলাকায় সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে, যা দীর্ঘস্থায়ী হবে না। অনুভূত তাপমাত্রা হতে পারে ২৬ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম জানিয়েছেন, ঢাকা বিভাগে সারাদিন মোটামুটি রোদ থাকতে পারে।
রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের উত্তরাংশে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৪ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এসব অঞ্চলেও বৃষ্টির সম্ভাবনা নেই। রংপুর বিভাগের পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কেটে যাবে।
ময়মনসিংহ বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২০ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এ বিভাগের নদী অববাহিকায় সকালের দিকে কুয়াশা থাকতে পারে।
উত্তর–পূর্বাঞ্চলের সিলেট বিভাগে শীতের অনুভূতি কিছুটা বেশি থাকতে পারে। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম বিভাগে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকতে পারে। ওই বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ১৮ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। সকালের দিকে কুয়াশা থাকলেও পরে তা কমে যাবে।
বরিশাল বিভাগ ও খুলনার দক্ষিণাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৬ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, ভোটের দিনের তাপমাত্রা পূর্বাভাসের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমবেশি হতে পারে। তবে শীতের তীব্র অনুভূতির সম্ভাবনা নেই এবং বাতাস থাকবে সহনীয়।
অন্য আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ বলেন, ভোটের দিন আবহাওয়া মোটের ওপর আরামদায়ক থাকবে। সামান্য শীত অনুভূত হলেও তা অসুবিধাজনক হবে না। রোদ থাকবে এবং বৃষ্টির কোনো আশঙ্কা নেই।


একটি মন্তব্য
ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার জন্য