ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়েছে। সারা দেশে উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে।
দুটি জেলায় ককটেল বিস্ফোরণসহ কিছু বিচ্ছিন্ন ঘটনার বাইরে সার্বিকভাবে ভোট ছিল শান্তিপূর্ণ। নির্বাচন চলাকালে পৃথক ঘটনায় চারজন ভোটার অসুস্থ হয়ে মারা গেছেন। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও কিছু অভিযোগ এসেছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোটগ্রহণ শুরু হয় এবং বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলেছে। তবে যেসব কেন্দ্রে দীর্ঘ সারিতে অপেক্ষমাণ ভোটার ছিলেন, তাদের ভোট বিকেল সাড়ে চারটার পরও নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষে শুরু হবে ভোট গণনা।
জুলাই গণ-অভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের দুই বছর পার হওয়ার পর আজ দেশের ভোটাররা নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য ভোট দিয়েছেন। একই সঙ্গে তারা গণভোটে সংবিধানের কিছু মৌলিক পরিবর্তনের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোটে অংশগ্রহণ করেছেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে তা সংবিধানের মৌলিক সংস্কার বাস্তবায়নের পথে প্রথম ধাপ হিসেবে গণ্য হবে।

