ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ অথবা তার দু-এক দিন আগে বসতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল শনিবার রাতে তিনি এ তথ্য জানান।
সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই নতুন সংসদের কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো সংসদে উপস্থাপন করা হবে।
এ ছাড়া শোক প্রস্তাবও উপস্থাপন করা হবে।
প্রথম অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন—এটাই সাংবিধানিক রীতি। ভাষণটি আগে মন্ত্রিসভায় অনুমোদিত হয় এবং অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা সেই ভাষণের ওপর আলোচনা করেন।
সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে রাষ্ট্রপতিকে নতুন সংসদের প্রথম অধিবেশন আহ্বান করতে হয়। প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয় ১২ ফেব্রুয়ারি। বিজয়ী সংসদ সদস্যদের গেজেট প্রকাশিত হয় ১৩ ফেব্রুয়ারি। সে হিসাবে ১৪ মার্চের মধ্যেই প্রথম অধিবেশন বসতে হবে।
সংসদ সদস্যরা শপথ নিয়েছেন ১৭ ফেব্রুয়ারি।
সংবিধান অনুযায়ী, নির্বাচন হলেও পুরোনো সংসদের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত নতুন সংসদের অধিবেশন শুরু হয় না।
দ্বাদশ সংসদের ক্ষেত্রে সদস্যরা ২০২৪ সালের ১০ জানুয়ারি শপথ নিলেও প্রথম অধিবেশন বসেছিল ৩০ জানুয়ারি, কারণ একাদশ সংসদের মেয়াদ শেষ হয়েছিল ২৯ জানুয়ারি।
তবে এবার সংসদ না থাকায় অধিবেশন শুরু করতে বেশি সময় অপেক্ষা করতে হবে না।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পেয়েছে বিএনপি। সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
অন্যদিকে প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন।

