জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। তাঁর সাবেক স্ত্রী সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে করা এ মামলায় প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৯ এপ্রিল নতুন দিন ধার্য করেছেন আদালত।
রোববার এ মামলায় প্রতিবেদন দাখিলের দিন ছিল। তবে তদন্ত কর্মকর্তা রমনা মডেল থানার পরিদর্শক আতিকুল ইসলাম খন্দকার প্রতিবেদন জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত নতুন তারিখ নির্ধারণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী।
হত্যাকাণ্ডের ২৯ বছর পর গত ২০ অক্টোবর মধ্যরাতে সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় মামলাটি করেন। আদালত এজাহার গ্রহণ করে নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। পরে কয়েক দফা সময় বাড়ানো হয়।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন—লতিফা হক লুসি, আজিজ মোহাম্মদ ভাই, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।
অভিযোগে বলা হয়, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতালে নিলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অভিযোগে তাঁর শরীরে আঘাতের চিহ্ন ও গলায় দাগ থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
মামলার অগ্রগতি নিয়ে ভক্ত ও পরিবারের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করা হচ্ছে।

