নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ঈদের আগেই খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দেওয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। পর্যায়ক্রমে এই কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শনিবার এক ব্রিফিংয়ে মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরেন প্রধানমন্ত্রীর শিক্ষা, বৈদেশিক কর্মসংস্থান ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মাহদী আমিন। ব্রিফিংয়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে গতকাল তেজগাঁও কার্যালয়ে তারেক রহমানের প্রথম অফিসে আগমন এবং দিনের বিভিন্ন কর্মসূচির বিষয়ও তুলে ধরেন।
ড. মাহদী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতির কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনসহ অন্যান্য ধর্মের ধর্মগুরুদের জন্য মাসিক সম্মানী ও উৎসব ভাতা চালুর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
তিনি জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রস্তুতি শেষ করে ঈদের আগেই পর্যায়ক্রমে বিভিন্ন স্থানে খতিব, ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান শুরু করা হবে।
এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ঈদের আগেই দেশের বেশ কিছু স্থানে এই কার্যক্রম চালু করা হবে।
তিনি আরও বলেন, বিএনপির অন্যতম বড় নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সারা দেশে মেধার ভিত্তিতে বৈষম্যহীন কর্মসংস্থান নিশ্চিত করা। সরকারি ও বেসরকারি চাকরি, উদ্যোক্তা তৈরি এবং বিদেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে দক্ষ জনশক্তি গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়েছে।
এ লক্ষ্যে শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার আনা এবং সেই সংস্কারের মাধ্যমে জনশক্তিকে দ্রুত কর্মক্ষম করে তোলা নিয়ে পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি চাকরি ও ব্যবসার সুযোগ বাড়াতে প্রয়োজনীয় নীতিমালা সংস্কারের বিষয়েও আলোচনা হয়েছে।
ড. মাহদী আমিন বলেন, ব্যবসা-বাণিজ্য ও শিল্প কারখানার নীতিমালা আধুনিকায়নের জন্য যেসব সংস্কার প্রয়োজন, সেগুলো নিয়েও কাজ করা হবে।
তিনি আরও জানান, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও বেশি গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি দূতাবাসগুলোর সঙ্গে সমন্বয় বাড়িয়ে দক্ষ জনশক্তি তৈরি এবং বিদেশে পাঠানোর বিষয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা নিজ নিজ মতামত তুলে ধরেন। খুব দ্রুত সময়ের মধ্যে জনগণের প্রতি জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলার কাজ শুরু হবে বলেও জানান উপদেষ্টা।
এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

