দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রোববার পরিকল্পনা কমিশনে আসেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। দায়িত্ব গ্রহণের পরদিনই তিনি কমিশনে এসে কাজ শুরুর বার্তা দেন।
সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে মন্ত্রী বলেন, তিনি বেশি কথা নয়, কাজেই গুরুত্ব দিতে চান। তিনি বলেন, ‘কথা কম বলে কাজ বেশি করতে চাই। মাত্র এলাম। কাজ শুরু করি। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলব। আমি প্রেসবান্ধব মানুষ। তাই সবকিছুই জানানো হবে।’
দুপুরে আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের আগে তিনি এসব কথা বলেন। এ সময় কমিশনের বিভিন্ন বিভাগ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর চেষ্টা করা হয়। তবে তিনি তা গ্রহণ না করে সবাইকে কাজের দিকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘অনুগ্রহ করে ফুল দেবেন না। এখন কাজের সময়।’
পরিকল্পনা মন্ত্রণালয়ে তিনি কতটা সময় দেবেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কাজের প্রয়োজন অনুযায়ী সময় দেওয়া হবে। তিনি আগে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরিচিত হতে চান। এরপর প্রয়োজন অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ এবং অপচয়মূলক প্রকল্প নিয়ে প্রশ্ন করা হলেও এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী।
পরে তিনি এনইসি সম্মেলনকক্ষে পরিকল্পনা কমিশনের সচিব, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস এবং পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন।

