রোজায় কারওয়ান বাজারে লেবু, তেল, চিনি, ছোলা, ট্যাং, গরুর মাংস ও চালের দাম কমানোর ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) কারওয়ান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতির আয়োজন করা সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
ঢাকা-১২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাইফুল আলম মিলনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। ব্যবসায়ীদের পক্ষ থেকে সম্মতি প্রকাশের সঙ্গে সঙ্গে তিনি উপস্থিত হন বলে জানানো হয়।
দাম কেমন কমানো হয়েছে:
লেবু প্রতি পিস ২ টাকা কমানো হয়েছে, তেল প্রতি লিটারে ১ টাকা ছাড়, চিনি প্রতি কেজি ১ টাকা কমানো হয়েছে, ছোলা প্রতি কেজি ২ টাকা কম, ট্যাং ২০০ গ্রামের প্যাকেট প্রতি ৫ টাকা কমানো হয়েছে, গরুর মাংস প্রতি কেজি ৩০ টাকা কমিয়ে বিক্রি হবে, মিনিকেট চাল প্রতি কেজি ১ টাকা কম।
কারওয়ান বাজার পাকা মার্কেট আড়তদার সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুজন বলেন, শ্রীমঙ্গল থেকে ১১–১২ টাকা দরে লেবু আনা হয়। বাজারে বিক্রি করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে। ছোট লেবু ৩–৪ টাকায় বিক্রি হয়, বড় ও ভালো লেবুর দাম ১৭ টাকা পর্যন্ত হয়। এখন থেকে ২ টাকা কমিয়ে বিক্রি হবে।
আখি ইন্টারপ্রাইজের প্রোপ্রাইটর আবু বক্কর সিদ্দিক বলেন, ৫ লিটার তেল সাধারণত ৯২০ টাকা বিক্রি হতো। দাম বেশি হলে ৯৫০ টাকা। এখন প্রতি ৫ লিটারে ৫ টাকা ছাড় দেওয়া হবে।
চিনি বিক্রেতা বেলায়েত হোসেন জানান, আগে ১০৫ টাকা মূল্যের ১ কেজি চিনি ১০১ টাকায় বিক্রি হবে।
কুমিল্লা স্টোরের কর্ণধার গোফরান বলেন, ছোলা আগে ৮৫ টাকা বিক্রি হতো। এখন ৮৩ টাকা করা হবে।
ট্যাংয়ের দামও কমানো হয়েছে। ২ কেজি জার ট্যাং ১ হাজার ৫৬০ টাকায় বিক্রি হবে। ছোট পেপার বক্স ৩৮০ টাকায় পাওয়া যাবে।
মাংস ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, গরুর মাংসের দাম ৩০ টাকা কমিয়ে ৭৫০ টাকায় বিক্রি করা হবে।
চাল ব্যবসায়ীরা জানান, মিনিকেট চাল ৮১ টাকা থেকে ৮০ টাকায় বিক্রি হবে।
সাইফুল আলম মিলন বলেন, “আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এই ছাড় নিয়েছি। কারও ওপর জোর করা হয়নি। রমজানের নৈতিক দায়িত্ব থেকে ব্যবসায়ীরা লাভের অংশ থেকে ছাড় দিয়েছেন। আমি চাই ব্যবসায়ীরা সম্মতিপূর্ণভাবে দাম কমাক, জোর করে নয়।”

