‘ফ্যামিলি কার্ডের’ মতো এবার কৃষকদের জন্য সরকারি ‘কৃষক কার্ড’ চালু করতে যাচ্ছে সরকার। পাইলট প্রকল্পটি দ্রুতই শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
আজ সোমবার, বাংলাদেশ সচিবালয়-এর মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘কৃষক কার্ড’ বাস্তবায়ন সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়।
সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান, কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ। তিনি বলেন, “নীতিগতভাবে বহু আগে থেকেই এটি আমাদের সিদ্ধান্ত। এখন প্রধানমন্ত্রী এর বাস্তবায়নের জন্য প্রথম বৈঠক করেছেন।” তথ্যমন্ত্রী আরও যোগ করেন, “ইনশা আল্লাহ, যত দ্রুত সম্ভব ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডের পাইলট প্রকল্প শুরু হবে।”
কবে থেকে পাইলট প্রকল্প কার্যক্রম শুরু হবে, সেই প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ মুহূর্তে সঠিক সময় বলা সম্ভব নয়। এতে প্রস্তুতির নানা বিষয় জড়িত। তবে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও পরামর্শ অনুযায়ী যত দ্রুত সম্ভব এটি বাস্তবায়ন করা হবে।”

