রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে জরুরি ভিত্তিতে পুলিশে ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুতই এই প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে এখনো ১০ হাজারের বেশি অস্ত্র উদ্ধার হয়নি। এসব অস্ত্র বর্তমানে অবৈধ হিসেবে বিবেচিত হচ্ছে। এগুলো নিয়ে মামলা হতে পারে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে দ্রুত এসব অস্ত্র উদ্ধার করা হবে।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময় যেসব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছিল, সেগুলো পুনরায় যাচাই করা হবে। লাইসেন্স প্রদানের ক্ষেত্রে নিয়ম মানা হয়েছে কি না তা খতিয়ে দেখা হবে।
সালাহউদ্দিন আহমেদ বলেন, যারা লাইসেন্স পেয়েছেন তারা উপযুক্ত কি না সেটিও যাচাই করা হবে। যদি কোনো লাইসেন্স রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়ে থাকে, তবে তা বাতিল করা হবে। সংশ্লিষ্ট লাইসেন্সের আওতায় থাকা অস্ত্রও বাতিল হিসেবে গণ্য হবে।
তিনি জানান, জনগণের প্রত্যাশা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনীকে পরিচালনা করাই সরকারের প্রধান লক্ষ্য।

