বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংক্রান্ত চুক্তি শুধুমাত্র তখনই সম্পাদিত হবে যখন জাতীয় স্বার্থ সুরক্ষিত থাকবে।
আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আশিক চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থ রক্ষার জন্য যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন, সেভাবে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে আমাদের নির্দেশনা দিয়েছেন।’
এনসিটি চুক্তি নিয়ে বর্তমান সরকারের অবস্থান জানতে চাইলে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার চুক্তির পক্ষে ছিল কি না, তা এখন গুরুত্বপূর্ণ নয়। জাতীয় স্বার্থ রক্ষা করে চুক্তি করা সম্ভব হলে সরকার তা করবে। অন্যথায় চুক্তি হবে না।’
বিডার নির্বাহী চেয়ারম্যান বিষয়টির সংবেদনশীলতার দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘এটা প্রথম দিনের বৈঠক। তাই দ্রুত কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়।’
বৈঠকে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, আজ মূলত প্রধানমন্ত্রীকে পুরো বিষয়টি অবহিত করা হয়েছে। তিনি বলেন, ‘আজ আমরা উনাকে ব্রিফ করেছি। উনি আমাদের ব্রিফ করেননি। তিনি বিষয়টি শুনেছেন এবং কিছু প্রাথমিক দিকনির্দেশনা দিয়েছেন।’

