সরকার দেশের গুরুত্বপূর্ণ তিনটি নীতিনির্ধারণী কমিটি পুনর্গঠন করেছে। এর মধ্যে রয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
গতকাল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, একনেকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিকল্প চেয়ারম্যান করা হয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। একনেকের সদস্য হিসেবে থাকছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী, আইনমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী।
অন্যদিকে, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শিল্পমন্ত্রী ও আইনমন্ত্রী।
একই সঙ্গে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী এবং আইনমন্ত্রী।
সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে তিনটি গুরুত্বপূর্ণ কমিটির নতুন কাঠামো কার্যকর হলো। সংশ্লিষ্ট মহলে এ সিদ্ধান্তকে প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

