শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এবং সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। সূত্র: বাসস
তিনি বলেন, অতীতের বিভেদ ভুলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল নোয়াখালী উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সেনবাগ পৌরসভা এবং উপজেলার নয়টি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, পরিবার কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং ইমাম-মোয়াজ্জেমদের ভাতা প্রদানের পরিকল্পনা ইতোমধ্যে শুরু হয়েছে।
উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুর পেয়ারা বেগম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জয়নুল আবদিন ফারুক।

