এক সপ্তাহ শূন্য থাকার পর অবসরপ্রাপ্ত মনজুর মোর্শেদ চৌধুরীকে স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব দিয়েছে নতুন সরকার। তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব নাসিমুল গনি মন্ত্রিপরিষদ সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার প্রায় এক সপ্তাহের মাথায় এই নিয়োগ দেওয়া হলো।
মনজুর মোর্শেদ চৌধুরী বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তা। তিনি ২০২৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ বাণিজ্য ও শুল্ক কমিশনের উপসচিব পদ থেকে অবসরে যান।
আওয়ামী লীগ সরকারের সময়ে পদোন্নতি ও অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত কর্মকর্তাদের তালিকা তৈরির জন্য ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে অন্তর্বর্তী সরকার একটি কমিটি গঠন করে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত ওই কমিটি ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি ও আর্থিক সুবিধা দেওয়ার সুপারিশ করে।
সে সুপারিশের ভিত্তিতে ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকার মনজুর মোর্শেদ চৌধুরীকে সচিব পদে ভূতাপেক্ষ পদোন্নতি দেয়।
এবার বিএনপি নেতৃত্বাধীন সরকার তাকে জ্যেষ্ঠ সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে।

