বাগেরহাটের মোরেলগঞ্জে দুই লাখ টাকা চাঁদার দাবিতে একটি মাদরাসা ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। ক্ষতিগ্রস্ত ঠিকাদার এস এম বদিউজ্জামান মোরেলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মোরেলগঞ্জ উপজেলার গুলিশাখালী ফাজিল মাদরাসার চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিচালনা করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওসমান আলী। কাজ শুরুর পর থেকে বিভিন্ন সময়ে নিশানবাড়িয়া ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমানের নেতৃত্বে সাত থেকে আটজন ব্যক্তি কাজের মধ্যে বাধা সৃষ্টি করেন এবং দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হওয়ায় ২৩ ফেব্রুয়ারি দুপুরে মো. হাফিজুর রহমান ও তার লোকজন ঘটনাস্থলে এসে কাজ বন্ধ করে দেন এবং হুমকি-ধামকি দেন। তারা অভিযোগ করেন, প্রতিবাদ করলে জীবননাশের ও মারধরের হুমকি দেওয়া হয়েছে।
ঠিকাদার এস এম বদিউজ্জামান বলেন, “দরপত্রের সব নিয়ম মেনে আমরা কাজ করছিলাম। কিন্তু মো. হাফিজুর রহমান ও তার লোকজন চাঁদা চেয়েছিল। দিতে অস্বীকার করলে তারা কাজ বন্ধ করে দিয়েছে এবং আমাদের লোকজনকে হুমকি দিয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছি।”
অভিযুক্ত ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান অভিযোগের জবাবে বলেন, “ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির ছেলে ইস্রাফিল এবং আমাকে ৫০ হাজার টাকা দিতে চেয়েছে। আমরা তা মেনে নি। স্বচ্ছভাবে কাজ হচ্ছে না, অনিয়মের কারণে কাজ বন্ধ করা হয়েছে।”
মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী বলেন, “প্রতিষ্ঠানের কাজ নিয়ম অনুযায়ী চলছে। আমাদের কোনো অভিযোগ নেই। তবে শুনেছি স্থানীয় কিছু লোকের চাঁদার দাবির কারণে ঠিকাদার কাজ বন্ধ করেছে।”
পুলিশ এখন তদন্ত শুরু করেছে এবং ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনের চেষ্টা করছে।

