সংবিধান লঙ্ঘনের কারণে সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বলে মনে করেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল।
তিনি বলেন, ‘সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি সংবিধানের কোনো বিধান মেনে চলেননি।
আমার তো মনে হয়, এই কারণেই এই প্রধান উপদেষ্টা ড. ইউনূসের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের মামলা হওয়া উচিত। তাকে যদি আজ বিচারের আওতায় না আনেন তাহলে এটা কিন্তু একটা মন্দ উদাহরণ হয়ে থাকবে।
গতকাল মঙ্গলবার নিজের ইউটিউব চ্যানেল ‘কথা’য় এক ভিডিওতে এমন মন্তব্য করেন মাসুদ কামাল।
সম্প্রতি সংবাদমাধ্যম কালের কণ্ঠে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের দুই পর্বের সাক্ষাৎকার প্রকাশ করে। যেখানে রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গঠন ও ওই সরকারের সময়কার বিভিন্ন দিক তুলে ধরেন। এমন একটি সাহসী সাক্ষাৎকার প্রকাশের জন্য সাংবাদিক মাসুদ কামাল সংবাদমাধ্যমটিকে ধন্যবাদও দেন।
মাসুদ কামাল বলেন, ‘দেশের সর্বোচ্চ গ্রন্থ, আইন—সেটা না মেনে চললে তাকে যদি বিচারের আওতায় না আনেন তাহলে এটা কিন্তু একটা উদাহরণ হয়ে থাকবে। সংবিধানকে এভাবে পদদলিত করা যায়।’
তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার ছিল একটা সাংবিধানিক সরকার। এ সরকার নিজেরাও দাবি করেছে তারা সাংবিধানিক সরকার এবং সংবিধানকে সমুন্নত রাখার শপথ তারা এই রাষ্ট্রপতির কাছে নিয়েছেন।
অথচ তারা নিজেরা সংবিধান মেনে চলেননি। আমি মনে করি, এই ১৮ মাসে যে যে উপদেষ্টা যেখানে যেখানে সংবিধান লঙ্ঘন করেছেন, তাদের প্রত্যেকের সংবিধান লঙ্ঘনের দায়ে শাস্তি হওয়া উচিত।’

